জনকল্যাণ ও স্বাস্থ্য সেবায় লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
— দানবীর ড. সৈয়দ রাগীব আলী
পরিবার ও সমাজের প্রতি পাবলিক হেলথ গ্র্যাজুয়েটদের ভুমিকা গুরুত্বপূর্ণ
— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের আয়োজনে লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির উদ্বোধন এবং কালচারাল প্রোগ্রাম -২০২৬ শুক্রবার (০৩ জুলাই ২০২৬)
সিলেটের লা রোজ হোটেলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
জনকল্যাণ ও স্বাস্থ্য সেবায় লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পাবলিক হেলথ বিভাগের অগ্রযাত্রায় এ সোসাইটি কাজ করে যাবে। তিনি লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন,
পাবলিক হেলথ গ্র্যাজুয়েটস বিষয়ভিত্তিক জ্ঞানার্জনের মাধ্যমে যেমনিভাবে তাদের ব্যক্তিগত ও কর্মজীবনে সুফল পাচ্ছেন তেমনিভাবে সমাজ ও পরিবারের প্রতিও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সন্তুষ্ট হয়ে এসময় তিনি আরো বলেন, জনস্বাস্থবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লিডিং ইউনিভার্সিটির এমপিএইচ গ্র্যাজুয়েটগণ লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের সাথে যোগাযোগ রাখার জন্যও তিনি পাবলিক হেলথ বিভাগকে পরামর্শ প্রদান করেন। পরিশেষে তিনি এমপিএইচ মতো প্রয়োজনীয় একটি বিষয়ে লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মজিদ মিয়া, সহযোগী অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির উপদেষ্টা মোসা. হালিমা বেগম, সহকারি অধ্যাপক ও সহ- উপদেষ্টা ড. মো. রাশিদুল হাসান।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মো. মজহারুজ্জামান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃন্তি রানী নাথ, অনিক দেব নাথ, এবং জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে LUPHS-এর নতুন কমিটি ঘোষণা এবং কেক কাটার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনার আয়োজন করা হয়। দলীয় সংগীত “ধন্য সিলেটবাসী ধন্য” পরিবেশন করেন রতন, মাজহারুজ্জামান, মারুফ, অনুষ্কা,সাজু। কবিতা আবৃত্তি “লিচুচোর” পরিবেশন করেন সারওয়াত রেহনুমা ও সাফওয়াত মারজুক। নৃত্য পরিবেশন করেন শাহরাদ আহমদ ও তার দল। দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে নিয়ে পুঁথিপাঠ পরিবেশন করেন অনিক দেব নাথ।
এছাড়া একক সংগীত পরিবেশন করেন সৈয়দ আহমেদ হাসান, ড. মো. রাশিদুল হাসান, অনুষ্কা রায়, মো. মাজহারুজ্জামান খান এবং রতন রায়।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. আব্দুল মজিদ মিয়া ও হোসনে আরা। কবিতা আবৃত্তি করেন নাইমা হোসেন মাহা ও মারুফ হোসেন মোহাম্মদ ফরহাদ। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। জনস্বাস্থ্য শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে LUPHS ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


