লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস এ দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিজ্ঞান বিষয়ক এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ
—উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা, সিলেট এর আয়োজনে তরুণদের রোবটিকস ও পিসিবি (PCB) ডিজাইন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে ৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ‘সার্কিট টু রোবট: এ হ্যান্ডস-অন রোবটিকস অ্যান্ড পিসিবি ডিজাইন ওয়ার্কশপ’। দিনব্যাপী এ কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিকাল ৪টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম আলো বন্ধুসভা, সিলেটের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের শিক্ষামূলক ও প্রযুক্তিভিত্তিক আয়োজনে লিডিং ইউনিভার্সিটি পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সভাপতি দেব রায় সৌমেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ মোর্শেদুল হক বলেন, বর্তমান সময়ে রোবটিকস ও ইলেকট্রনিকসের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই ব্যবহারিক শিক্ষা ও গবেষণায় আগ্রহী হতে হবে। লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. জেহাদুল ইসলাম মনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তি নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এতে আরো বক্তব্য দেন টেকনিক্যাল পার্টনার রোবোনাট বিডি-এর প্রতিনিধি। তিনি বলেন, প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের বিকল্প নেই। ভবিষ্যতেও এমন আয়োজনের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি। শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্পন্সর পার্টনার বেভারলি হিলস কলেজ অব স্কিলস-এর প্রতিনিধি। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের ব্যবহারিক কর্মশালার গুরুত্ব তুলে ধরে প্রথম আলো বন্ধুসভা, সিলেটের উদ্যোগের প্রশংসা করেন।
পরিশেষে প্রথম আলো আলো বন্ধুসভা, সিলেটের সভাপতি দেব রায় সৌমেন বলেন, তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াতে বন্ধুসভা নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও নতুন ও সময়োপযোগী কর্মশালার আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আয়োজনে স্পন্সর পার্টনার হিসেবে ছিল বেভারলি হিলস কলেজ অব স্কিলস (বিএইচসিএস), লজিস্টিক পার্টনার লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ, টেকনিক্যাল পার্টনার রোবোনাট বিডি এবং মিডিয়া পার্টনার ষাটমা কণ্ঠ।
কর্মশালার প্রথম পর্বে ইলেকট্রনিকস ডিজাইনার ও পিসিবি ডিজাইন বিশেষজ্ঞ নিহাল দাস অঙ্কুর এবং রোবটিকস অনুরাগী, প্রযুক্তি শিক্ষাবিদ ও ডেভেলপার মাজেদুল ইসলাম নাঈম রোবটিকস ও পিসিবি ডিজাইনের বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় হাতে-কলমে উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা সার্কিট ডিজাইন, পিসিবি তৈরির প্রাথমিক ধারণা, রোবটিকসের বিভিন্ন উপাদান এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি মেন্টরদের সঙ্গে কাজ করার সুযোগ পান এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন।
দিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপাচার্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পরে স্পন্সর পার্টনার, লজিস্টিক পার্টনার, টেকনিক্যাল পার্টনার এবং মিডিয়া পার্টনারের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।  একই অনুষ্ঠানে কর্মশালার দুই মেন্টর নিহাল দাস অঙ্কুর ও মাজেদুল ইসলাম নাঈম-এর হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা রোবটিকস ও পিসিবি ডিজাইনের মৌলিক ধারণার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। আয়োজকদের মতে, তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন দেব রায় সৌমেন এবং সুবর্না দেব।

Scroll to Top