লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের ফাইনাল ইয়ার প্রজেক্ট ও থিসিস ডিফেন্স অনুষ্ঠিত

প্রযুক্তিনির্ভর জ্ঞান ও উদ্ভাবনী সক্ষমতাই ভবিষ্যৎ নেতৃত্বের মূল ভিত্তি
—- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৬ সালের ফাইনাল ইয়ারের প্রজেক্ট ও থিসিসের ফাইনাল ডিফেন্স মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সিএসই বিভাগের বিভিন্ন কক্ষে একযোগে ছয়টি ডিফেন্স বোর্ড পরিচালিত হয়। বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের নেতৃত্বে এবং সহযোগী অধ্যাপক ড. শাফকাত কিবরিয়ার সমন্বয়ে বিভাগের  শিক্ষকবৃন্দ বিভিন্ন বোর্ডে পরীক্ষক ও মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালন করেন। ডিফেন্সে শিক্ষার্থীরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ইন্টারনেট অব থিংস (IoT), ডেটা অ্যানালিটিক্সসহ সমসাময়িক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও গবেষণাকর্ম উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মান আশাবাদী ভবিষ্যতের প্রতিফলন উল্লেখ করে এ সময় লিডিং ইউনিভার্সিটির  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর জ্ঞান ও উদ্ভাবনী সক্ষমতাই ভবিষ্যৎ নেতৃত্বের মূল ভিত্তি। লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থীরা যে সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও বাস্তব সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপন করেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, তারা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান বলেন, সিএসই বিভাগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফাইনাল ডিফেন্স শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
উপস্থিত পরীক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কাজের মান, উপস্থাপনা দক্ষতা এবং গবেষণার প্রয়োগযোগ্যতার প্রশংসা করেন। দিনব্যাপী আয়োজিত এই ডিফেন্স কার্যক্রমে বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Scroll to Top